ছাতকে চেলা নদীতে নিখোঁজ নৌকা শ্রমিকের লাশ উদ্ধার
আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতকে চেলা নদীতে নিখোঁজ নৌকা শ্রমিক মুক্তার আলী(৪০)’র ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ৪৮ ঘন্টার পর ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দুরে হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শনিবার রাতে ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি হাওর থেকে ভাসমান অবস্থায় মুক্তার আলীর লাশ উদ্ধার করে তার স্বজনরা। সে উপজেলা নোয়ারাই ইউনিয়নের নোয়ারাই গ্রামের মৃত মাহির উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার দুপুরে ভাড়ায় একটি কাঠবডির নৌকা যোগে ইট বোঝাই করে ইসলামপুর ইউনিয়নের ছনবাড়িবাজারে যায় মুক্তার আলী ও তার সহযোগিরা। বিকেলে ছনবাড়ি ঘাটে নৌকা বেঁধে বাজারে গিয়ে নাস্তা সেরে পুনরায় নৌকায় উঠার সময় পা ফসকে খর স্রোতা চেলা নদীতে পড়ে গিয়ে মুক্তার আলী নিখোঁজ হয়। দু’দিন ধরে অনেক খোঁজাখুজির পর শনিবার তার লাশ উদ্ধার করা হয়।