মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শেখ হাসিনা হ্যাটট্রিক প্রধানমন্ত্রী হবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

ডেস্ক রিপোর্ট ।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগই জিতবে এবং শেখ হাসিনা টানা তৃতীয় দফা প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশে কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে, আজ বাঙালি বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে পরিণত করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষণজন্মা মানুষ। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে মাত্র সাড়ে তিন বছরে উন্নতির পথে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশের পর্যায়ে পৌঁছে যেত। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। উন্নয়নের অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় তার দুই কন্যা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে যান। সেই ঘোর অন্ধকার বিদিশার মধ্যে তারা ছিলেন আশার আলো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে অমানিশা কেটে গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে কখনও মুছে ফেলা যাবে না।

শাখা সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।