মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরী ধর্ষণের দায়ে সিরাজগঞ্জের ২ যুবলীগ নেতা গ্রেফতার

Muktijoddhar Kantho ৩১ বার পঠিত ২ মিনিটের পাঠ

ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাকুয়াদিঘী গ্রামের আবু তালেবের ছেলে আনিছুর রহমান আনিছ ও একই ইউনিয়নের যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক একই গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. মহির উদ্দিন।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নাটোরের গুরুদাসপুর থেকে তাড়াশে বোনের বাড়িতে বেড়াতে আসার জন্য মান্নাননগর এলাকায় বাস থেকে নামে এক কিশোরী। এসময় ওই দুইজন তার বোন জামাইয়ের বন্ধু বলে কিশোরীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে। তারা তাকে বোনের বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে বিদ্যাধর গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীটিকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশের জিম্মায় দেয়। পরে কিশোরীটি বাদী হয়ে মামলা দায়ের করে।

তাড়াশ থানার ওসি তদন্ত ফজলে আসিক জানান, এ ঘটনায় বুধবার দুপুরে মহিষলুটি এলাকায় অভিযান চালিয়ে মহির ও আনিছকে গ্রেফতার করা হয়েছে।