নন্দীগ্রামে চা বিক্রেতার লাশ উদ্ধার
বগুড়া জেলা প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের খোলশা গাড়ী থেকে নিরঞ্জন কুমার নিরেন (৪০) নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিরঞ্জন কুমার নিরেন থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের সুরেশ চন্দ্রর ছেলে। তিনি চা বিক্রেতা ছিলেন। নিহতের বড় ভাই প্রেম চাঁন জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিরেন বাড়ি থেকে বাহির হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোজাখুঁজি করে।
বুধবার সকালে খোলশা গাড়ী এলাকায় চা বিত্রেতা নিরঞ্জন কুমার নিরেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসীর ধারণা খোলশা গাড়ী এলাকায় শ্বাসরোধ করে দূর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। নন্দীগ্রাম সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুব হোসেন কাজল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।