বিয়ে শুধুমাত্র বৈধভাবে নারী ও পুরুষের মধ্যে মিলন নয়ঃ সুলতানা কামাল

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, বিয়ে শুধুমাত্র বৈধভাবে নারী ও পুরুষের মধ্যে মিলন নয়। বিয়ে নারীদের দৈহিক ও মানসিক দায়িত্বপালনও। ১৮ বছরের আগে এই দায়িত্বপালন সম্ভব নয়। এ জন্য বিয়ের বয়স ১৮ রাখা উচিত।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারীদের বিয়ের বয়স ১৮ করার দাবিতে ৭০টি বেসরকারি সংগঠনের জোট সামাজিক প্রতিরোধ কমিটি’র উদ্যোগে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা, অ্যাকশন এইডের নেত্রী রোকেয়া আক্তার, রঞ্জন কর্মকার প্রমুখ।
সুলতানা কামাল বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি মেয়েদের বিয়ের বয়সসীমা শর্তাধীনভাবে ১৬ নির্ধারণ করা হচ্ছে। এটা মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। মেয়েদের বিয়ের বয়স ১৮ নির্ধারণ করতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। কেননা, ১৮ বছরের আগে মেয়েরা তাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে না। কম বয়সে বিয়ে হলে নারীর শিক্ষাজীবন ব্যাহত হয়।
তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, মেয়েদের বিয়ের বয়সসীমা শর্তহীনভাবে ১৮ নির্ধারণ করা হোক। এটা না হলে ১৬ বছরের আরও আগেই মেয়েদের বিয়ে দেওয়া হবে। এটা মেয়েদের মানবাধিকারের চরম লঙ্ঘন।