বগুড়ায় অনশন, বিয়ের পিঁড়িতে প্রেমিক জুটি
জেলা প্রতিবেদক : বগুড়ার শাজাহানপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ৩দিন যাবত অনশন করার পর অবশেষে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বিয়ের পিঁড়িতে বসেছে প্রেমিক জুটি। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ চত্তরে জনপ্রতিনিধি ও শতশত লোকজনের উপস্থিতিতে উভয় পরে সম্মতিতে ৭ লক্ষ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, খলিশাকান্দি দোগলাপাড়া গ্রামের মাংস ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের কলেজ পড়ুয়া মেয়ে রাজিয়া সুলতানার (২০) সাথে ৩ মাস পূর্বে খলিশাকান্দি পন্ডিতপাড়ার দুদু মিয়ার পুত্র শিহাবের (২৬) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে প্রেমের টানে গত শুক্রবার কাহালু উপজেলার বেলঘরিয়া গ্রামে ছেলের বোনের বাড়িতে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে কাহালু থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। খবর পেয়ে শনিবার উভয় পরে অভিভাবকসহ খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান কাহালু থানায় গিয়ে বিয়ের প্রতিশ্রুতিতে তাদেরকে নিয়ে আসে। এরপর বিয়ের আয়োজনের প্রস্তুতিকালে ছেলের বাবা অসুস্থ্য হয়ে পড়লে কৌশলে ছেলে পালিয়ে যায় এবং ছেলে পক্ষ তালবাহানা শুরু করে। এমতাবস্থায় মেয়েটি বিয়ের দাবীতে ছেলের বাড়ির সামনে অনশন করতে থাকে। ৩দিন যাবত মেয়েটি অনশন করতে থাকলে এবং আত্মহত্যার হুমকি দিলে স্থানীয় যুবকেরা মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া বনানী এলাকা থেকে ছেলেকে আটক করে ইউপি চেয়ারম্যানের হাতে সোপর্দ করে।
খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানান, ছেলেকে হাতে পেয়ে উভয় পরে সম্মতিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়ন পরিষদ চত্তরে জনপ্রতিনিধি ও শতশত লোকজনের উপস্থিতিতে কাজী ডেকে ৭ লক্ষ টাকা দেনমোহরে উভয়ের বিয়ে সম্পন্ন করা হয়েছে।