মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রায়পুরে প্রতিপক্ষের হামলায় আহত-৫, ভাংচুর, লুটপাট

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ।। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ আহত হয়েছে ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন আনোয়ার হোসেন (২৫), দেলোয়ার (৩৫), নয়ন (২৫), জুনায়েদ (২), ফয়েজের নেছা (৫৫)। হাজীমারা ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গাজীগো বাড়ী আনোয়ার হোসেন, নয়ন বেগম, ফয়েজের নেছা গংদের সাথে দেড় শতাংশ জমি এবং বসতঘর নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল ৯টা দিকে একই এলাকার হারুন প্রধানিয়া, বারেক প্রধানিয়া, মোস্তফা, রফিক, সফিক, রজ্জব আলী, বারেকসহ ২০/২৫জন নয়ন এবং ফয়েজের নেছাদের বসতঘরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় বাধা দিতে গেলে একই পরিবারের ৫জনকে পিটিয়ে আহত করে এবং বসত ঘরে তালা ঝুলিয়ে দেয় প্রতিপক্ষরা। পুলিশ এসে ঘরের তালা খুলে আহতদেরকে চিকিৎসার জন্য রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতদের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ফয়েজের নেছা ও নয়ন বলেন, অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে। এসময় তারা আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।
হাজীমারা ফাঁড়ি থানার উপ-পরিদর্শক এসআই জালাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছি।