বগুড়ায় চাঁদা না পেয়ে ট্রাক ভাংচুর, গ্রেফতার ১১
এম নজরুল ইসলাম, বগুড়া : দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ইউপি সদস্যসহ ট্রাক চালককে বেধরক মারপিট, ট্রাক ভাংচুর ঘটনার বগুড়ার কাহালু থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার বীরকেদার বাঘোপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে আমিনুর রহমানের কাছ থেকে দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুখানগাড়ী সূর্যসেনা ক্লাবের সদস্যরা ৭ লক্ষ টাকা চাঁদার দাবী করে। দাবীকৃত টাকা দিতে আমিনুর অস্বীকার করলে গত সোমবার দুপুরে কাহালুর বারোমাইল এ কে ফিলিং স্টেশন থেকে মামলার বাদী আমিনুর রহমানের ট্রাক নওগাঁর দিকে যাওয়ার পথে দুপচাঁচিয়া ব্রিজের সামনে আসামিরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ট্রাক থামিয়ে চালককে বেধরক মারপিট করে। খবর পেয়ে আমিনুর ও তার ছোট ভাই বীরকেদার ইউপি সদস্য আনিছুর রহমান ঘটনাস্থলে গেলে আসামিরা তাদেরকে মারপিট করে ট্রাক ছিনিয়ে নেয়। পরে ধাপ সুখানগাড়ী সূর্যসেনা ক্লাবের সামনে টাক ভাংচুর করে। স্থানীয় লোকজন আমিনুর রহমানকে গুরুতর অবস্থায় কাহালু উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা ও কাহালু থানা পুলিশ ধাপ সুখানগাড়ী সূর্যসেনা ক্লাবের সামনে ট্রাক ভাংচুর করার সময় ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃৃতরা- দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুখানগাড়ী গ্রামের আফতাব হোসেনের ছেলে মিলন (২৫), সিরাজ মন্ডলের ছেলে রব্বানী (২৬), আকবর আলীর ছেলে সজীব (২৫), তোজামের ছেলে চাঁনমিয়া (৩০), মৃতঃ সাহেব আলীর ছেলে শাহাজান (৫৬), হোসেন আলীর ছেলে জাহিদুল ইসলাম(২৮), সাইদুলের ছেলে আবু তালেব (২৬), মৃতঃ সেকেন্দার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২), মৃতঃ করানুর ছেলে মানিক (২৫), মৃতঃ রমজানের ছেলে রকি আহম্মেদ (২৮) ও মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩২)। এ ঘটনায় মঙ্গলবার আমিনুর রহমান বাদী হয়ে কাহালু থানায় দ্রুত বিচার আইনে ১১ জনকে এজাহারভূক্ত ও আরোও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
কাহালু থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় কাহালু থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।