মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, পুলিশের লাঠিচার্জ

Muktijoddhar Kantho ৬৪ বার পঠিত ৩ মিনিটের পাঠ

বগুড়া, নিজস্ব প্রতিবেদক : পুলিশের লাঠিচার্জ, বাদ্যযন্ত্র ও ব্যানার ফেস্টুন কেড়ে নেয়াসহ পুলিশের প্রহারে নেতাকর্মী আহত হবার মধ্যদিয়ে বগুড়ায় যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, সার্কিট হাউজ মোড়, জেল খানার মোড়, চেলোপাড়া মোড় ও থানা মোড়ে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রাখে। বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট রাফী পান্না অভিযোগ করে সাংবাদিকদের বলেন, শহরের নবাববাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে জেলা যুবদল। সকাল থেকেই দলীয় কার্যালয়ের দিকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসে। যুবদল সভাপতি সিপার আল কখতিয়ারের নেতৃত্ব নেতাকর্মীরা গণজমায়েত হতে থাকলে নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এতে আহত হন যুবদলকর্মী শাহিন আলম, আমিনুল ইসলামসহ৭/৮জন নেতাকর্মী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পুলিশি বাধা-মারপিটের সম্মুখিণ হতে হয়েছে।

জেলা বিএনপির সহ সভাপতি রাফী পান্না আরও বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বাদ্যযন্ত্র ও ব্যানার-ফেস্টুনও কেড়ে নেয় পুলিশ। এরকিছু পরে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার যুবদল নেতাকর্মী একত্রিত হয়ে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এরপর বেলুন ও শাস্তির প্রতীক পায়রা উড়িয়ে যুবদলের জন্মদিনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। দলীয় কার্যালয়ে জেলা যুবদল আয়োজিত কর্মসূচীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন চাঁন বলেন, দেশটা ১৬ কোটি জনতার। নব্য স্বৈরাচার আওয়ামী-বাকশাল সরকারের নয়। সরকারি দলকে প্রটেকশন দিয়ে এবং অন্যান্য দলকে কর্মসূচিতে সহযোগিতা করে পুলিশ। অথচ বিএনপি-যুবদলকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হয় অভিযোগ করে তিনি আরও বলেন, বিরোধী দমন নীতি প্রমাণ করে এ সরকার অগণতান্ত্রিক। আগামী নির্বাচনে জনগণই সরকার পরিবর্তন করবে। সময় এলে প্রত্যেক অবৈধ কর্মকান্ডের অণুপরিমান হিসেব নেয়া হবে।

এসময় তিনি যুবদলের শুভ কামনা করে নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফজলুল বারি তালুকদার বেলাল, সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, মতিউর রহমান মতি, ডাঃ মামুনুর রশিদ মিঠু, এড. রাফি পান্না, যুবদলের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, সদর উপজেলা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-অক্টোবর২০১৭ইং/নোমান