মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাইবান্ধায় ১২ বছরের এক শিশুকে হাতে সুঁচ ঢুকিয়ে নির্যাতন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
গাইবান্ধা প্রতিনিধি ।। টাকা চুরির সন্দেহে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নয়ন মিয়া (১২) নামের এক শিশুকে আঙ্গুলে সুঁচ ঢুকিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামে এই ঘটনা ঘটে। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।
পরে শিশুটিকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নয়ন মিয়া ওই গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। এ ঘটনায় নয়ন মিয়ার মা নুরজাহান বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা যায়, তিন বছর আগে অসুস্থ্যতাজনিত কারনে বাবা মারা গেলে নয়ন মাসে আড়াই হাজার টাকা বেতনে ছয় মাস আগে প্রতিবেশি কবির হোসেনের মুরগির ফার্মে কাজ শুরু করে। শনিবার সকালে কবির হোসেনের বাড়ী থেকে ১০ হাজার টাকা চুরি হলে কবির হোসেন সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে নয়ন বিষয়টি অস্বীকার করে।
এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে কবির হোসেনসহ আরও কয়েকজন মিলে নয়নকে একটি গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ও একটি আঙ্গুলে সুঁচ ঢুকানোর চেষ্টা করে জখম করে। পরে নুরজাহান বেগম নয়নকে বাড়িতে নিয়ে যান। পুলিশকে জানালে নয়নকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেওয়া হয়।
পরে খবর পেয়ে রোববার রাতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে যান ও আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইয়াকুব আলী মোড়ল বলেন, শিশুটির শরীরে ও হাতের আঙ্গুলে ক্ষতের চিহৃ রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান বলেন, শিশু নয়ন মিয়াকে নির্যাতনের ঘটনায় নুরজাহান বেগম বাদী হয়ে চারজনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।