মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সর্তক করলো রাবি প্রশাসন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মোবাইলে বার্তা প্রদানের মাধ্যমে শতভাগ ভর্তি নিশ্চিতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে টাকা দাবি করে কোনো শিক্ষার্থীকে
বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো বার্তা প্রদান করা হয়নি। এ বিষয়ের সাথে যুক্ত অসৎ ব্যক্তি, প্রতিষ্ঠান বা জালিয়াত চক্র থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছে এসএমএস পাঠানোর মাধ্যমে তাদের মেধাক্রম পরিবর্তন করে ভর্তির সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি সম্পর্কিত অভিযোগটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিতে এসেছে।

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীর কাছ থেকে টাকা-পয়সা দাবি করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো এসএমএস পাঠানো হয়নি এবং ভর্তি পরীক্ষার মেধাক্রম পরিবর্তন/পরিমার্জনের কোনো সুযোগ নেই।

ভর্তি পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে অর্জিত মেধাক্রমই চূড়ান্ত। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীগণ তাদের সাক্ষাতকার সম্পন্ন করতে অনুষদ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয় এবং কেবলমাত্র নির্বাচিত ছাত্র-ছাত্রীরাই বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক প্রযোজ্য চার্জসমূহ (হল/বিভাগ/অন্যান্য) ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ে জমাদানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করবে।

এ বিষয়ে মধ্যস্থতায় অবতীর্ণ কোনো অসৎ ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা জালিয়াত চক্র থেকে সংশ্লিষ্টদেরকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।