মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রসিক নির্বাচন প্রত্যাখ্যান করলেন বিএনপির মেয়র প্রার্থী বাবলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওযার ব্যাপারে আগে থেকেই সন্দিহান ছিলেন উল্লেখ করে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেছেন, ‘আমার সন্দেহ বাস্তবে রূপ নিয়েছে। আমি এ নির্বাচন মানি না। এ নির্বাচন প্রত্যাখ্যান করছি।’

বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টায়  নগরের গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, ‘অনেক ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। কারণ হিসেবে জানা যায়, অনেক ভোটারকে ভয় দেখানো হয়। ৩৩নং ওয়ার্ডের একটি কেন্দ্রের বাইরে সিল ও স্বাক্ষরবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে। আমার পোলিং এজেন্টরা ফোন করে জানালে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলি। প্রিজাইডিং অফিসার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।’

বাবলা জানান, বিষয়টি তিনি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইভিএম ভোট পরিদর্শনরত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও জানিয়েছেন।

এজেন্টদের প্রসঙ্গে বাবলা বলেন, ‘৩৩টি ওয়ার্ডের অনেক কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়।’

বাবলা জানান, তিনি ২০১২ সালে একা নিবর্চান করে এবারের চেয়ে বেশি ভোট পেয়েছিলেন। এবার প্রতীকে নির্বাচনে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার কথা। কিন্তু ফলাফল সেই অনুযায়ী হয়নি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুর মোহাম্মদ মণ্ডল, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন প্রমুখ।