রসিক নির্বাচনে আ. লীগ পরাজিত হলেও এটা গণতন্ত্রের বিজয়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হলেও এটাকে গণতন্ত্রের বিজয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচনী পরাজয় হয়েছে কিন্তু রাজনৈতিক বিজয় হয়েছে।
সবচেয়ে বড় কথা, এই অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে ইসি স্বাধীনভাবে ভূমিকা পালন করে শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড রেখে যাচ্ছে।
আমি বলব, এটা গণতন্ত্রের বিজয়। আমরা এই নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছি।
আমরা মনে করি, এই নির্বাচনের রেজাল্ট আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য একটা ম্যাসেজ।
রসিক নির্বাচনে পরাজয় হওয়ায় আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব নির্বাচনে কি জিততে হবে? আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দিয়ে শুরু করেছিলাম। আর মনে রাখতে হবে তিনি (ঝন্টু) কিন্তু গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিল। এবার আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। আমরা তো কুমিল্লায়ও হেরে গেছি এবং পরাজয় মেনে নিয়েছি। তাই এটাকেও আমরা রাজনৈতিকভাবে দেখছি, গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছি।
সংবাদ সম্মলনের শুরুতে সাংবাদিকদের উদ্দেশ করে কাদের বলেন, নির্বাচনটা কেমন হলো? সুষ্ঠ হয়নি? নির্বাচনে সরকার কি কোনো হস্তক্ষেপ করেছে?
আজকে আমরা যদি থার্ড হতাম তাহলে তারা (বিএনপি) বলত, আওয়ামী লীগ আঁতাত করে গোপনে গোপনে জাতীয় পার্টিকে ভোট দিয়েছে। কিন্তু সেটাও এখন তাদের বলার সুযোগ নেই। তারা এখন কী বলবে?
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, এবিএম রিয়াজুল কবির কাওছার প্রমুখ।