‘আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনের’ প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান খালেদার
রাজনীতি ।। আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের আগে যুগপৎভাবে ‘আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনের’ প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
একই সঙ্গে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এবং পার্লামেন্ট বহাল রেখে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। ‘জনগণের সরকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে এককাতারে এসে ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’ করার আহ্বান জানিয়েছেন বিএনপি প্রধান।
রোববার বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সমাবেশের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন বিএনপি নেত্রী।
খালেদা জিয়া বলেন, ‘জনগণ যদি ভোট কেন্দ্রে না আসতে পারে ভোট দেবে কে? সেজন্যই আমরা বলেছি, আওয়ামী লীগ থাকলে জনগণ ভোট কেন্দ্রে আসতে পারবে না। তাই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে, পার্লামেন্ট বহাল রেখে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হতে পারে না।’
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনে যেই কর্মসূচি আসবে, সেই কর্মসূচির জন্য প্রস্তুতি নিতে হবে। আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন সবকিছুর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিয়ে সেইভাবে এগিয়ে যেতে হবে। বিএনপির মাধ্যমেই দেশে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হবে।’
এ সময় ‘গণতন্ত্রের জন্য সংগ্রামে’ অন্য রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের আহ্বান জানান প্রাক্তন এই প্রধানমন্ত্রী।
‘দেশকে আওয়ামী লীগের শৃঙ্খলমুক্ত করতে হলে আমাদের আরেকবার জেগে উঠতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যান্য রাজনৈতিক দল সকলকে আহ্বান জানাবো, আপনারাও ভুক্তভোগী। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করি। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’