মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুরে দিনমজুরকে অপহরণের চেষ্টা, অপহরণকারী গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।। লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ মিন্টু (৪০) নামে এক দিনমজুরকে অপহরণের চেষ্টার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকা থেকে অপহরণকারী নাসিরকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় চরমোহনা ইউনিয়নের খাসেরহাট সড়কের ষ্টীল ব্রিজ সংলগ্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে নাসিরকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্থ মিন্টু মিয়া চরমোহনা গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে এবং অভিযুক্ত নাছির চরপাতা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।

ক্ষতিগ্রস্থ মিন্টু মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি সোনাপুর ইউনিয়নের ষ্টীল ব্রিজ সংলগ্ন মনু মিয়ার চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোঃ নাসির তার এক বন্ধুর খোজ নেওয়ার জন্য মোটর সাইকেলে মিন্টুকে উঠিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে বাসাবাড়ী নামক স্থানে নিয়ে আসে। এ সময় মিন্টু তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে নাসির কোন উত্তর না দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় মিন্টু নাসিরের মোটর সাইকেল থেকে লাফ দিয়ে সড়কে পড়ে চিৎকার দিলে লোকজন জড়ো হতে দেখে নাসির পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযুক্ত নাসির জানান, আমি মিন্টুর কাছে গরু বিক্রির টাকা পাই। সে টাকা না দেওয়ায় কৌশলে তাকে আমার এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এলাকাবাসীর জন্য তা বিফলে যায়।

চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম জানান, নাছির এলাকার চিহ্নিত গরু চোর। কয়েকদিন আগেও ৫টি গরু চুরির ঘটনায় তাকে দোষী সাব্যস্থ করে জরিমানা আদায় ও সতর্ক করে দেওয়া হয়। কিন্তু এবার গরু চুরি করতে না পেরে মানুষ অপহরণ করতে গিয়ে ধরা পড়লো।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, দিনমজুর মিন্টুর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত নাসিরকে গ্রেফতার করে ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগটি ওসি (তদন্ত) সোলায়মানকে দিয়ে তদন্ত করা হচ্ছে।