গ্রামীণ ঐতিহ্য শীত উৎসব ও পিঠা মেলা
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজে দু’দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্য শীত উৎসব ও পিঠা মেলা বুধবার থেকে শুরু হয়েছে। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এ উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে ১২টি স্টল খোলা হয়েছে। এ সমস্ত স্টলে মিউজিয়াম, কৃষি উপকরণ, সংগীত শিক্ষার উপকরণ, গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ এবং ফুল ও ফল, চারু-কারু শিল্প এবং গৃহস্থালির উপকরণের আকর্ষনীয় প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া হরেক রকম পিঠাও প্রদর্শন করা হয়। তদুপরি দশম শ্রেণির ছাত্রদের উদ্যোগে আজব গুহা নামে একটি রূপকথা এবং ভৌতিক রাজ্য গড়ে তোলা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরাই স্বতঃস্ফুর্তভাবে এসব উপকরণ প্রদর্শন করে। স্থানীয় সর্বস্তরের মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এসব প্রদর্শনী উপভোগ করেন।
শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটি বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে এই গ্রামীণ ঐতিহ্য শীত উৎসব ও পিঠা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু।
উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মামুনুর রশীদ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহফুজা মামুন কাফিয়া, সহকারী শিক্ষক সাইফুল সাঈদ, গোলাম সারওয়ার, আবু সাঈদ মন্ডল প্রমুখ।
প্রসঙ্গত উলেখ্য যে, ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ ২০১৪ সালে তুলসীঘাট এলাকায় ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ বিদ্যালয়টিতে ৮শ’ জন ছাত্রছাত্রী উন্নত পরিবেশে নিজস্ব ভবনে লেখাপড়া শিখছে। এরমধ্যে হাইস্কুল সেকশনে ৪শ’ ৪০ জন এবং প্রাইমারী সেকশনে ৩শ’ ৫৬ জন ছাত্রছাত্রীকে শিক্ষাদান করছে ২৮ জন দক্ষ ও মেধাবী শিক্ষক।