র্যাগিংয়ের শিকার রাবি ছাত্র ক্যাম্পাস ছেড়ে চলে গেলো বাড়ি!
পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগ উঠেছে খোদ ওই বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে করে ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন বলে জানা যায়।
ভুক্তভোগী ফাহাদ বিন ইসমাঈল ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ওই বিভাগে ভর্তি হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীসহ তাঁর বন্ধুরা মিলে বিভাগের শিক্ষক ও কয়েকজন সিনিয়রদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার গ্রুপে রসিকতামূলক মন্তব্য করে। আর এ মন্তব্যের জের ধরে বিভাগের কয়েকজন সিনিয়র ছাত্র বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে জামাকাপড় খুলে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। র্যাগিংয়ের শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরে ভয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে আজ ২৬ জানুয়ারি
শুক্রবার সকালে নারায়ণগঞ্জে তাঁর বাড়িতে চলে যান।
র্যাগিংয়ে শিকার ফাহাদ তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘আল্লাহর কাছে প্রার্র্থনা করি, র্যাগের প্রভাব যেন আর কোন মা-বাবার উপর না পড়ে। আমি নিজের মর্যাদাহানি করতে পারব, কিন্তু আমার মা- বাবাকে অপমানিত হতে দিব না। তাই আমার সপ্নকে ছাড়তে সম্মত হলাম। “বিদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়”।’
ভুক্তভোগী ফাহাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এসে এমন পরিস্থিতিতে পড়বো কখনো ভাবি নি। আমাকে ডেকে নিয়ে সিনিয়ররা
শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন। বিভাগে আমি নতুন বলে ভালো করে কাউকে চিনে উঠতে পারি নি। বিষয়টি আমার আম্মুকে জানালে আম্মু অসুস্থ হয়ে পড়েন। এখন আমাকে আর বিশ্ববিদ্যালয়ে আসতে দিবে কিনা জানি না।’
বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমার জানা মতে এরকম কোন কিছু হয় নি। আমি রবিবার বিভাগে গিয়ে খোঁজ নিবো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘এটি অত্যন্ত গর্হিত কাজ। আমি খোঁজ নিয়ে দেখছি। যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবো।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘র্যাগের কারণে ওই শিক্ষার্থী যদি বাড়িতে চলে যায়, তাহলে এটি খুবই অশালীন বিষয়। এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ক্যাম্পাসে কোন র্যাগের বিষয় দৃষ্টিগোচর হলে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’