খালেদা জিয়া অপরাধের কারণে বিচারের মুখোমুখি : বগুড়ায় নৌমন্ত্রী শাজাহান খান
বগুড়া প্রতিনিধি ।। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া তার অপরাধের কারণে এখন বিচারের মুখোমুখি। আদালত তার অপরাধের বিষয়ে রায় দেবেন। অথচ রায় ঘোষণার আগেই বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। বিএনপি মুখে আইনের শাসনের কথা বলে, কিন্তু বিশ্বাস করে না।
তিনি বলেন, দেশের আপামর জনতা বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলো। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিয়েছিলো। ওই সময় বিএনপি জোট লাগাতার আন্দোলনের নামে দেশে যানবাহন বন্ধের ঘোষণা দিয়েছিলো। তারা পেট্রোল মেরে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করেছিলো। সেই ঘটনার প্রতিবাদে দেশের শ্রমিকরা লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন। সন্ত্রাসীদের নির্মূূল করে ঘরে ফিরেছিলেন তারা।
বৃহস্পতিবার বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ড্রাইভিং ও মোটরযান সহকারী প্রশিক্ষণ স্কুলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, জেলা মোটর মালিক গ্রুপ নেতা আমিনুল ইসলাম সহ সরকার দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কামরুল মোর্শেদ আপেল ও মাহবুবুর রহমান মানিক।