ছাতকে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি ।। ছাতকে পতিত জমিতে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের মৃত মনোফর আলীর পুত্র। বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার নিহত আবদুল কাদিরের বাড়ির পাশের পতিত জমিতে মাটি কাটা নিয়ে তার চাচাতো ভাই মহদী গ্রামের খুরশিদ আলীর পুত্র ছাইদুল ইসলামের সাথে একই গ্রামের গপেশ নাথ ও তার পুত্র গোপাল নাথের বাক-বিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরধরে পরদিন মঙ্গলবার দুপুরে ওই জায়গায় আবারও গপেশ নাথ, গোপাল নাথসহ ৪/৫জন লোক মাটি কাটতে গেলে ছাইদুল ইসলাম ও আবদুল কাদির এখানে মাটি কাটতে বাঁধা-নিষেধ করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবদুল কাদির (৪৫), ছাইদুল ইসলাম (৪২) ও গপেশ নাথ (৬৫)সহ দু’পক্ষের ১০জন লোক আহত হয়। এদেরমধ্যে আবদুল কাদির ও গপেশ নাথকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আবদুল কাদিরের মৃত্যু ঘটে। এ ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতার স্বীকার করেছেন।