জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা ফিরেছে : রুহুল আমিন হাওলাদার এমপি
এম নজরুল ইসলাম, বগুড়া ।। জাতীয় পার্টির (এরশাদ) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ইতোমধ্যে সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছেন। সামনে আরো অনেকে জাতীয় পার্টিতে যোগ দিবেন। হতাশা কেটে গেছে, সামনে আমাদের সুদিন। জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা ফিরেছে।
রোববার বিকালে রাজধানীর বনানীস্থ জাপার চেয়ারম্যানের কার্যালয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ডা: রাসেল মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীর জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা এসএম আল জুবায়ের, বগুড়ার নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা জাতীয় যুব সংহতি নেতা নজরুল ইসলাম, পৌর জাপার যুগ্ম আহবায়ক তাপস কুমার প্রমুখ। এরআগে শুক্রবার বিকালে জাপার যুগ্ম মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপির হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দেন ডা: রাসেল মাহমুদ।