সিরাজগঞ্জের চৌহালীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ভয়াবহ চুরি
সিরাজগঞ্জ প্রতিনিধি ।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭ নং বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর বাড়ীতে ভয়াবহ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর বাড়ীর ঘরের ভেতরের দরজার পাশে টিন কেটে চোর ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
আব্দুল কাহহার সিদ্দিকী বলেন- আমি রাত ১২.০০ টার দিকে আমার পালিত দুটি গাভীর দেখাশোনা করে ঘুমিয়ে পড়ার পর আকস্মিক রাত ২.৪৫ মিনিটে ঘুম থেকে জাগ্রত হই। এসময় বাতি জ্বালাতেই আমার ঘর এলোমেলো দেখতে পাই। সহসাই ঘরে রাখা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের কথা মনে হওয়ায় আলমারির দিকে দৃষ্টি দেই। দেখতে পাই, সেটার তালা খোলা ও ভিতরের অন্যান্য জিনিসপত্র বাহিরে ছড়ানো-ছিটানো রয়েছে এবং সেখানে রাখা নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা ও প্রায় পনের ভরি স্বর্নলঙ্কার উধাও। ঘটনার পর ইউপি চেয়ারম্যান ফোনে থানায় ঘটনা টি জানালে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানসহ পুলিশ সরেজমিন পরিদর্শন করে যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। এদিকে চেয়ারম্যানের বাসায় চুরি সংঘটিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার জনগণ।