গাইবান্ধায় তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। সরকারি-বেসরকারি সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হযয়েছে। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) এর সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হয়। মেলা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় মেলার কার্যক্রম। শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল কর্মকান্ডে বাংলাদেশ এখন অনেক এগিয়ে রয়েছে। আর যে পরিবর্তন ঘটেছে, তা শুধু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর কারণে। তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন পূরণে কাজ করছেন।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ আরও অনেকে।
মেলায় ৫টি প্যাভিলিঢন ও ৭৮টি ষ্টল রয়েছে। ই-সেবা, তাৎক্ষণিক সেবা, জেলা ব্যান্ডিং, শিক্ষা সংক্রান্ত ও তরুণ উদ্ভাবন স্টলসহ ৪টি ক্যাটাগরিতে মেলায় অংশগ্রহণকারী ষ্টলগুলোকে পুরষ্কৃত করা হবে। মেলা মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ৩ দিনব্যাপী মেলায় থাকছে সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী কার্যক্রমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তরুণ উদ্ভাবকদের ইনোভেশন আইডিয়া উপস্থাপন, মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রর্শন ও এ্যাপস্ প্রতিযোগিতা।
মেলায় অংশ নেয়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৭৮টি স্টল ও আনুষ্ঠানিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ২৪ ফেব্রুয়ারি শেষ হবে ডিজিটাল উদ্ভাবনী মেলা।