সেন্ট. গ্রেগ্ররী উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বিশ্বজিৎ দাস বিজয়, (দঃ কেরানীগঞ্জ) ঢাকা ।। সেন্ট.গ্রেগরী উচ্চ বিদ্যালয় ও কলেজে পালিত হলো তিনদিনব্যাপী ১০ম আন্তঃস্কুল দাবা, চিত্রাঙ্কন, বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান মোঃ ইলিয়াস মৃধা।
তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথমদিনে ছিল কুইজ, দাবা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং প্রজেক্ট ও দেয়ালপত্রিকা প্রদর্শনী।দ্বিতীয় দিন প্রজেক্ট, দেয়ালপত্রিকা, ফটোগ্রাফি জাজমেন্ট ও প্রদর্শনী। তৃতীয়দিন যথাক্রমে প্রজেক্ট, দেয়ালপত্রিকা, ফটোগ্রাফি প্রদর্শনী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিনদিনব্যাপী অান্তঃস্কুল, দাবা, চিত্রাঙ্কন, বিজ্ঞানমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসিনা খান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্ট.গ্রেগরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ সিএসসি।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেন্ট.গ্রেগরী উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল, ঢাকা কলেজিয়েট হাই স্কুল,এ.কে. হাই স্কুল, জুবিলি স্কুল এন্ড কলেজ, ভিকারুন্নেসা নূন স্কুল, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়,রিভার ভিউ স্কুল,সেন্ট্রাল গার্লস স্কুল,আদমজী ক্যান্টনমেন্ট স্কুল,মতিঝিল মডেল হাই স্কুল,ব্রিটিস স্ট্যান্ডার্ড স্কুল,গভ.ল্যাবরেটরিজ হাই স্কুল,ম্যানচেস্টার স্কুল,মতিঝিল আইডিয়াল স্কুল,মুন্সি আব্দুর রউফ স্কুল,বিএফ শাহীন স্কুল সহ প্রায় ৪০টি স্কুলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান সম্পর্কে সেন্ট.গ্রেগরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন,”এধরণের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানঅর্জন করতে পারবে।এটা তাদের মেধা বিকাশে সহায়তা করবে।এবছর প্রায় ৪০টির মত স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে।তারা নতুন নতুন প্রজেক্ট নিয়ে এসেছে।যেটা তাদের গবেষণাধর্মী মনকে আরও বিকশিত করতে সাহায্য করবে।দেয়ালপত্রিকার মাধ্যমে তারা মানবিক মূল্যবোধের বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।যেগুলোর মাধ্যমে অনেক কিছু শেখার আছে।শিক্ষার্থীরা যে এসব বিষয়ে মনোনিবেশ করছে এটা তাদের জন্য খুবই ভালো একটি দিক বলে আমি মনে করি।”
উল্লেখ্য, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল প্রাণ ফ্রুটো।মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই।রেডিও পার্টনার হিসেবে ছিল রেডিও ফুর্তি।