সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদিবাসী পল্লীতে সংঘর্ষ, আহত ১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি ।। উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাযিলনগরে আদিবাসী পল্লীতে পুকুরের মালিকানা ও গাছ কাটাকে কেন্দ্র করে সোমবার নরেন্দ্রনাথ মাহাত ও ধীরেন্দ্রনাথ মাহাতের দলের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
এদের মধ্যে বাবলু মাহাত, সরেন্দ্রনাথ মাহাত, নারায়ন চন্দ্র মাহাত, নিত্য চন্দ্র মাহাত, চিত্ত মাহাত, নিতাই মাহাত, গোপাল মাহাত ও প্রতিবেশি আফসার আলীকে গুরুতর অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফাযিলনগর গ্রামের মাতব্বর মুকুল হোসেন মাস্টার ও স্থানীয় লোকজন জানান, নরেন্দ্রনাথ মাহাত ও ধীরেন্দ্রনাথ মাহাতের মধ্যে একটি পুকুরের মালিকানা ও পাড়ে গাছ লাগানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ধীরেন্দ্রনাথ মাহাত পুকুরপাড়ের গাছগুলো বিক্রির পর ক্রেতারা গাছ কাটতে আসলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় গ্রামের লোকজন গোলযোগ ঠেকাতে এলে তারাও আহত হয়।
উল্লাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ শাহীন আলম জানান, তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে আপাততঃ পরিস্থিতি শান্ত করেছেন। এ ব্যাপারে ধীরেন্দ্রনাথের পক্ষে কনক রঞ্জন মাহাত বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।