মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোর হাসপাতালে বিনা চিকিৎসায় সেবিকা মৃত্যুর অভিযোগ, সহকর্মীদের বিক্ষোভ

Muktijoddhar Kantho ৮৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

নিজস্ব প্রতিবেদক ।। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্বরত অবস্থায় ফাহিমা আক্তার (৪৫) নামে এক সেবিকার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গাইনি ওয়ার্ডে ঘটনাটি ঘটে। তার মৃত্যুর ঘটনায় হাসপাতালের সেবিকারা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, বিনা চিকিৎসায় ওই সেবিকার মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ হওয়ার পরও জরুরি বিভাগের চিকিৎসককে ডাকা হলেও যাননি। ফাহিমা আক্তার শহরের ঘোপ ধানপট্টি এলাকার শাহ আলমের স্ত্রী।

একাধিক সেবিকা জানান, ফাহিমা আক্তার হাসপাতালের গাইনি ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। আসরের নামাজ আদায় করার উদ্দেশ্যে ওজু করার সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওয়ার্ডে কোন চিকিৎসক ছিলেন না। যে কারনে জরুরি বিভাগের চিকিৎসককে কয়েকবার ডাকতে আসলেও তিনি যাননি। এসময় এখানে দায়িত্বে ছিলেন মেডিকেল অফিসার হাবিবুর রহমান ভূইয়া। উপায় না পেয়ে সেবিকারা ফাহিমা আক্তারকে ট্রলিতে করে করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ফজলুল হক খালিদ তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে অন্য সেবিকারা ছুটে আসেন। বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি শুনে তারা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভের খবর শুনে হাসপাতালে আসেন তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম মোড়ল ও আরএমও ডা. ওয়াহেদুজ্জামান ডিটু। তারা ক্ষুদ্ধ সেবিকাদের শান্ত করার চেষ্টা করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রহিম মোড়ল জানান, দায়িত্বরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সেবিকা ফাহিমা আক্তারের মৃত্যু হয়েছে। তবে কিনা চিকিৎসায় মারা যাওয়ার ব্যাপারে তিনি খোঁজ নিয়ে দেখছেন।