যশোরে পিস্তল জব্দ, আটক ২
শাহিনুর রহমান, যশোর ।। যশোরে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য, মটরপার্টস, বাইসাইকেল ও এয়ার পিস্তল জব্দ করেছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, বেনাপোল বাজারের ইজিবাইক চালক শুকুর আলী এবং মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মন্ডলের ছেলে নুর উদ্দিন।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে শহরের চাঁচড়া বাজার এলাকা থেকে একটি ইজিবাইকের গতিরোধ করে চালক শুকুর আলীকে আটক করা হয়। ওই ইজিবাইক থেকে একটি ভারতীয় ট্রাকের ইঞ্জিনসহ কিছু পার্টস জব্দ করা হয়। ওই ইঞ্জিন এবং পার্টসের কোন বৈধ কাগজপত্র ছিল না। এ সময় আরো দুইজনকে আটক করা হলেও তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে শুকুর আলী জানিয়েছেন। উদ্ধার করা পার্টসের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
আটক শুকুর আলী জানিয়েছেন, তিনি ইজিবাইক চালক, বেনাপোলের গাতীপাড়া থেকে দেড় হাজার টাকার ভাড়ার বিনিময়ে তিনি ওই পার্টস যশোর শহরের আরএন রোডে নিয়ে যাচ্ছিলেন। কোন ব্যবসায়ীর কাছে নেয়া হচ্ছিল তা তিনি বলতে পারেননি। অপর এক অভিযানে বিজিবি সদস্যরা বিকেলে বেনাপোল পোর্ট থানাস্থ শিকড়ি বালুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে নুর উদ্দিনকে আটক করে। পরে আসামির কাছ থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল এবং তিনটি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করা হয়।
অন্য এক অভিযানে বিজিবি সদস্যরা শনিবার ভোর সাড়ে চারটার দিকে চৌগাছা এলাকার সীমান্তের আড়শিংড়ী এলাকার একটি মেহগুনি বাগান থেকে একটি এয়ার পিস্তল এবং এক কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় দুই ব্যক্তি ভারত থেকে তা বহন করে দেশের অভ্যন্তরে আনে। বিজিবি সদস্য দেখে তারা ওই এয়ার পিস্তল এবং গাঁজা ফেলে ফের ভারতের মধ্যে ঢুকে পড়ে।