মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছাতকে আইপিএলকে ঘিরে জমজমাট জুয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

ছাতক প্রতিনিধি ।। ছাতকে আইপিএলকে ক্রিকেট খেলা ঘিরে সর্বত্র চলছে জমজমাট জুয়া বাণিজ্য। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যা াইজি ভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) যতই ঘনিয়ে আসছে ততই উপজেলার সর্বত্র একটি অসাধু চক্র সক্রিয় তৎপরতা শুরু করেছে। আইপিএল হলো সর্বোচ্চ বাজেটের একটি ক্রিকেট টুর্নামেন্ট। এ খেলায় অংশগ্রহণ করেন বিশ্বের সব নামি-দামি খেলোয়াড়। কিন্তু আইপিএল খেলা চলাকালে জুয়ার নেশায় মেতে উঠেছে স্কুল কলেজের শিক্ষার্থী, বেকার যুবক, রিক্সা-ভ্যান চালক, গাড়ীর স্টাফ, দোকান কর্মচারি, ব্যবসায়িসহ বিভিন্ন শেণী ও পেশার লোকজন। পাড়া-মহল্লার চায়ের দোকান, অফিস, বাসা-বাড়ি এমনকি যেখানেই টিভি সেখানেই চলছে বাজিধরা। এছাড়া স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে ব্যাট ৩৬৫ নামের ওয়েবসাইটের মাধ্যমে দেশ-বিদেশের বাজিকরদের সাথেও বাজি ধরে থাকেন এখানকার উঠতি বয়েসি স্কুল কলেজগামি শিক্ষার্থীরা। ফলে এসব জুয়াড়িরা অনেকটাই থেকে যাচ্ছে প্রশাসনের ধরা-ছোঁয়ার বাইরে। মোবাইল ও ইন্টারনেটে টিভি দেখে সহপাঠিদের সাথে ফোন, হোয়াটস্আপ, ইমু ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে খেলার হার-জিতের উপর বিভিন্ন অংকের টাকা বাজি ধরা হয়ে থাকে। কোন্ খেলোয়াড় বেশি রান করবে, কোন্ বোলার বেশি উইকেট পাবে, কোন্ ব্যাটস্ম্যান বেশি ছক্কা মারবে, কে বেশি চার মারবে, কোন্ বলে চার বা ছয় হবে এসবের উপর প্রতি মুহুর্তেই চলছে বাজিধরা। এভাবে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি হাট-বাজার ও প্রত্যন্ত গ্রামাঞ্চল যেন ক্রিকেট জুয়ায় ভাসছে। ফলে এ জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের যুবসমাজ। খেলা শুরু হওয়ার পর থেকে ১শ’ থেকে শুরু হয়ে কয়েক লাখ টাকা পর্যন্ত বাজি ধরা হচ্ছে। কেবল ম্যাচে হারজিত নিয়েই বাজি নয়, প্রতি ওভারে ওভারে এমনকি বলে বলে বাজি ধরছেন ছোট-বড় বাজিকররা। এতে করে প্রতিদিন প্রায় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাজিকর দল।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে মাঝে মধ্যে ঝটিকা অভিযানের মাধ্যমে বাজিকরদের আইনের আওতায় আনা হয়েছে। কয়েকজনকে জেলেও পাঠানো হয়েছে এর আগে।