মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোরে বীমা কর্মকর্তার লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

Muktijoddhar Kantho ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

শাহিনুর রহমান, যশোর : যশোরে বীমা কর্মকর্তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। সোনালী ব্যাংকের বীমার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কমিশনের নামে চক্রটি কৌশলে তার কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় শফিকুল কবীর নামে ওই বীমা কর্মকর্তা মঙ্গলবার কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেছেন।

শহরের কারবালা রোডের মৃত আজহার আলীর ছেলে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড যশোর শাখার ইনচার্জ শফিকুল কবীরের অভিযোগে জানা যায়, গত ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে ০১৭৬৭- ৩২৯৩৬৬ নম্বর থেকে এক ব্যক্তি তার কাছে ফোন করে নিজেকে মতিউর রহমান (বাচ্চু পারামানিক) এবং ঝিনাইদহ থেকে কথা বলছেন বলে জানান। তিনি তাকে এও কথা বলেন, সাধারণ বীমার সোনালী ব্যাংকের কাজ দিবেন এবং এজন্য ব্যাংকের ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক আব্দুল আলিমের (মোবাইল ফোন নং ০১৭৩৯-২১০৬৩২) সাথে মোবাইল ফোনে কথা বলিয়ে দেন।

এ সময় তারা তাকে টাকা দিতে বলেন এবং কাজের ডিডি দিতে চান। তাদের কথায় বিশ্বাস করে এবং মতিউর রহমানকে নিজের পরিচিত ব্যক্তি ভেবে ডাচ-বাংলা ব্যাংক, বিকাশ ও রকেটের মাধ্যমে একইদিন ৬৪ হাজার ৪শ’ টাকা পাঠিয়ে দেন অগ্রিম হিসেবে। একইভাবে পরদিন ৫ এপ্রিল ৪০ হাজার ৯শ’ টাকা পাঠিয়ে দেন তিনি। এরপর ৮ এপ্রিল সকালে শফিকুল কবীর ঝিনাইদহে যান এবং উল্লিখিত দুটি মোবাইলে ফোন করলে তিনি নম্বরগুলো বন্ধ পান।

এঘটনার পর শফিকুল কবীর ব্যাংকের প্রকৃত ব্যবস্থাপক মতিউর রহমানের বাড়িতে গেলে তিনি তাকে জানান, এসব ঘটনা তার জানা নেই। তিনিও (ব্যাংক ব্যবস্থাপক) ওই দুটি নম্বরে ফোন করার চেষ্টা করলে বন্ধ পান। ফলে শফিকুল কবীর ধারণা করছেন, তার পরিচিত লোকজন প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ১ লাখ ৫ হাজার ৩শ’ টাকা হাতিয়ে নিয়েছেন।