ফুলপুরে বন্দুকযুদ্ধে শীর্ষ ছিনতাইকারী নিহত : দুই পুলিশ আহত
মোস্তফা খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সঙ্গে বন্ধুকযুদ্ধে শীর্ষ এক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৪০) বলে পুলিশ সূত্রে জানা যায়।
এ সময় ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন গোয়েন্দা পুলিশের এসআই জিন্নাহ ও কনস্টেবল রাসেল ।
জানা যায়, শনিবার (২১ এপ্রিল ) ভোর সাড়ে চারটার দিকে ফুলপুর পৌর শহরের ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের আনোয়ারখিলা মৌজায় মরাখলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
গত ২১ মার্চ ২০১৮ শেরপুর জেলার নকলা উপজেলার সিএনজি ড্রাইভার আলিম উদ্দিনকে হত্যা করে যে সিএনজি ছিনতাই করেছিল নিহত আব্দুর রাজ্জাক সেই ব্যক্তি বলে পুলিশের ধারণা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি তদন্ত মুখলেসুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি বরিশালে। সে ঢাকায় নবীনগরে থাকে।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম বলেন, আসামি ধরার জন্য জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ফুলপুরে আসেন। পরে তারা শেরপুর রোডে পশু হাসপাতালের কাছে পৌঁছলে নিহত ব্যক্তিকে সন্দেহ হলে তাকে ধাওয়া করেন। এ সময় সে পুলিশের দিকে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশের ছুঁড়া পাল্টা গুলিতে ঘটনাস্থলেই মারা যায় ওই ব্যক্তি। পরে তাকে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়।
তিনি আরও জানান, পুলিশ সিএনজি চালক আলিম উদ্দিন নিখোঁজের ৪দিন পর ২৪ মার্চ উপজেলার সাহাপুর নাওধারা নতুন জামে মসজিদের পশ্চিম পাশ থেকে নিখোঁজ হওয়া সিএনজি চালক আলীম উদ্দীনের (৪০) লাশ উদ্ধার করেছিল।