মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্রিগেড’ গঠিত : রণি আহ্বায়ক, সাইফুল সদস্য সচিব

Muktijoddhar Kantho ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

ডেস্ক রিপোর্ট : একাত্তরের মুক্তিযোদ্ধার আহ্বায়ক লেখক গবেষক আবীর আহাদ বলেছেন, আমরা মুক্তিযোদ্ধারা পরমতম মেধা ও দেশপ্রেমে দীক্ষিত হয়ে মুক্তিযুদ্ধের মহাপ্রান্তরে চরমতম বীরত্ব ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। মুক্তিযুদ্ধের সেই অবিনাশী চেতনাকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিয়ে জাতীয় মুক্তির সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের প্রজন্মরাই হলো চেতনার মুক্তিযোদ্ধা।

মঙ্গলবার(২৪ এপ্রিল) বিকেলে একাত্তরের মুক্তিযোদ্ধার সহযোগী সংগঠন ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্রিগেড’ গঠন উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে আবীর আহাদ উপরোক্ত মন্তব্য করেন।

মুক্তিযোদ্ধার সন্তান ও আইটি বিশেষজ্ঞ হাসান মাহমুদ রণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের মুক্তিযোদ্ধার সদস্য সচিব আবুল বাশার। বক্তব্য রাখেন এডভোকেট সাইফুল আলম, এডভোকেট আজমল হোসেন শিমুসহ প্রায় বিশজন নতুন প্রজন্মের তরুণ-তরুণী। একাত্তরের মুক্তিযোদ্ধার কেন্দ্রীয় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিউর রহমান (সেনা), নজরুল ইসলাম, মণিন্দ্রনাথ দত্ত প্রমুখ।

সভায় একাত্তরের মুক্তিযোদ্ধার ‘বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও মুক্তিযোদ্ধা তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের অপসারণে’র দাবির প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়ে মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্রিগেডের একাত্তর সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে হাসান মাহমুদ রণিকে আহ্বায়ক ও এডভোকেট সাইফুল আলমকে সদস্য সচিব মনোনীত করা হয়। মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্রিগেড কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে একাত্তরের মুক্তিযোদ্ধার অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।