যশোরে ক্ষেত থেকে ধান লুটের অভিযোগ
শাহিনুর রাহমান, যশোর ।। ; যশোর সদর উপজেলার উত্তর ললিতাদাহ গ্রামের ক্ষেত থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ উঠেছে। স্থানীয় এক মেম্বরের উপস্থিতিতে লুটের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী কৃষক ইসমাইল হোসেন অভিযোগ করেছেন। তবে মেম্বর আসলাম আলী জানান, দুই পক্ষের গোলযোগের কারনে ধান নিজের বাড়িতে এনেছিলেন। ভিজে থাকায় ধান ও বিচালি বিক্রি করে দেয়া হয়েছে।
ডহেরপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন জানিয়েছেন, উত্তর ললিতাদাহের মাঠে নিজস্ব ১৯ শতক জমিতে ধান চাষ করেছিলেন। দুপুরে ধান কাটার পর ক্ষেতেই রেখেছিলেন। সন্ধ্যায় ক্ষেত থেকে সব ধান লুট করে নিয়ে যায় ডহেরপাড়ার মৃত উসমান গনির ছেলে আবু বক্কার গং।
এ সময় সেখানে স্থানীয় ওয়ার্ড মেম্বর আসলাম আলী উপস্থিত ছিলেন। কৃষক ইসমাইলের অভিযোগ, আবু বক্কার সম্পর্কে আমার চাচাতো ভাই। তার সাথে আমার জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে আবু বক্কার গং মেম্বর আসলাম আলীর সহায়তায় আমার ক্ষেত থেকে ধান লুট করে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে আবু বক্কর জানান, বিরোধপূর্ণ জমিতে ইসমাইল হোসেন জোর করে ধানের চাষ করায় ধান নিয়ে চলে এসেছি। মেম্বর আসলাম বলেছেন, ইসমাইল হোসেন ও আবু বক্করের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আবু বক্কার প্রতিপক্ষের ক্ষেত থেকে ধান নিয়ে চলে আসে। পরে স্থানীয়দের অনুরোধে ধান আমার বাড়িতে নিয়ে আসি। ধান ও বিচালি ভিজে থাকার কারনে তা বিক্রি করে দিয়েছি।