যারা রাইফেল চোখে দেখেনি তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল: এবিএম খায়রুল হক

মুক্তিযোদ্ধার কন্ঠঃ একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক বলেছেন, যারা রাইফেল চোখে দেখেনি তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কৃষকরা গেরিলাযুদ্ধে জড়িয়ে পড়েছিল। তাদের বীরত্ব কোনো জেনারেল, ফিল্ড মার্শালের চেয়ে কম ছিল না।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরামের চতুর্থ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে খায়রুল হক বলেন, বাংলাদেশ সকলের জন্য। সকলের কথাই আমাদের শুনতে হবে। সকলে যেন যার যার ধর্ম পালন করতে পারে। এমনকি যে ধর্ম মানেও না, দেশটি তারও। আল্লাহ কিন্তু তাকেও খাওয়াচ্ছেন,পরাচ্ছেন, প্রতিপালন করছেন। সে কথাগুলো আমাদের মনে রাখতে হবে।
সব অপরাধীকে বিচারের আওতায় আনার আহবান জানিয়ে খায়রুল হক বলেন, শুধু যুদ্ধাপরাধ বলে কথা নয়, যে কোনো অপরাধীরই বিচার হওয়া বাঞ্ছনীয়। আইনের শাসন তা-ই বলে।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের দায়িত্ব পালন করা বিচারপতিদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে এবিএম খায়রুল হক বলেন, তাদের কাছে আমাদের এই আশাই ছিল, তারা আশা পূরণ করতে পেরেছেন। তারা এটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের আশা।