মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিদ্যুতায়নে দূর হয়েছে গ্রাম আর শহরের ব্যবধান : এমপি তানসেন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়া অফিস ।। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এমপি বলেছেন, বিদ্যুতায়নের ফলে মানুষের জীবন যাত্রার শুধুমাত্র মান-উন্নয়নই হয়নি। দূর হয়েছে গ্রাম আর শহরের ব্যবধান। শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশ। সরকারের বাস্তব পদক্ষেপ গ্রহণের ফলেই এটি সম্ভব হয়েছে। ১৪ দলের সরকার ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয়, আমরা তা প্রমাণ করেছি। শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব।

তানসেন এমপি বলেন, আগের দিনে গ্রামগুলো সন্ধ্যার পরে অন্ধকারে ডুবে যেত। শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণমুখী ১৪ দলের সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে। অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ খাতের পরিকল্পনা বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়। এর সুফল গ্রামবাসীরা পাচ্ছেন। অন্ধকার গ্রামগুলো আলোকিত হয়ে উঠছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের শালুকাপাড়া, একডালা গ্রামে ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৩৯ পরিবারে বিদ্যুতায়নের নতুন সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম তানসেন এমপি এসব কথা বলেন।

বিদ্যুতায়নের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বগুড়া পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল মতিন, নন্দীগ্রাম এরিয়ার এজিএম রেজাউল করিম, উপজেলা জাসদ সভাপতি কামরুজ্জামান কামরুল, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক মাহফুজার রহমান, জাসদ নেতা নুরুল ইসলাম সেফা, থানার এসআই আলী আকবর, সমাজ সেবক রেজ্জাকুল ইসলাম হেলাল, মামুনুর রশিদ সবুজ, প্রভাষক রাব্বী হোসাইন, শফিকুল ইসলাম বাদশা, সাবেক ইউপি সদস্য ফেরদৌস আলম, চানঁ মিয়া প্রমূখ।