চাঁদার দাবিতে রাজশাহী কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাংচুর
পাপন সরকার শুভ্র, রাজশাহী ।। চাঁদার দাবিতে রাজশাহী কলেজের অধ্যক্ষ্যের কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ছাত্রমৈত্রীর রাজশাহী কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি ক্যাডার দল এ ঘটনা ঘটায়। পরে নগর ওয়ার্কার্স পার্টির নেতারা পরিস্থিতি শান্ত করেন। এ নিয়ে কলেজে চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন প্রশাসন।
রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. হবিবুর রহমান বলেন, গত বুধবার (৩০ মে) দুপুরে ছাত্রমৈত্রীর সভাপতি পরিচয়ধারী এক ছাত্রসহ আরো কয়েকজন ছাত্র এসে আমাকে বলে, স্যার জামিল আক্তার রতনের মৃত্যুবার্ষিকী পালন করবো। তাই ২০ হাজার টাকা দিতে হবে আপনাকে। তাদের এমন কথা শুনে আমি ধমক দিয়ে কার্যালয় থেকে বের করে দেয়। এরপর আজ বৃহস্পতিবার ওই ছাত্ররা এসে আমার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।
তিনি আরো বলেন, এদের সাহস অনেক বেড়ে গেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।
নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু জানান, ঘটনাটি দুখঃজনক। তারা সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।
এবিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ্ জানান, এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।