ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপানোর প্রতিবাদে অবরোধ বিক্ষোভ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ গতকাল সোমবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। জানা যায় গত শনিবার উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক দত্তপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ডিগ্রী কলেজের অনার্সের ছাত্র মজিবুর রহমান (২৩) কে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম ফরিদুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির হোসেন আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়। এবং আজ মঙ্গলবার মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দেন। এব্যাপারে আহতের ভাই বাদী হয়ে ৯জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।