নেপালে বাস খাদে পড়ে নিহত ৩০,আহত ৩৫

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নেপালে বাস খাদে পড়ে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।
মঙ্গলবার রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রাসুয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবোঝাই বাস পাহাড়ি রাস্তা থেকে ২০০ মিটার গভীর খাদে পড়ে গেলে ৩০ জন নিহত হয়।
ওই জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা শিব রাম গেলালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শিব রাম গেলাল জানান, নিহত ৩০ জনের মধ্যে ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৩৫ জনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই সরকারি কর্মকর্তা আরো জানান, বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। এমনকি বাসের ছাদেও অনেক যাত্রী ছিল।
দেশটিতে জ্বালানি সংকটের কারণে গণপরিবহনের চলাচল কমে গেছে। ফলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ ওই বাসে উঠেছিল।
সম্প্রতি নেপালের নতুন সংবিধান প্রণয়নের পর জাতিগত সংঘাতের কারণে দেশটির একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। ফলে ভারত থেকে জ্বালানি তেল নেপালে ঢুকতে পারছে না।
সূত্র : এএফপি ও আল জাজিরা