শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, বিশ্ববন্ধু : মোমের মূর্তি উদ্বোধনে মমতা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ কলকাতার নিউ টাউনে অবস্থিত মাদাম ওয়াক্স মিউজিয়ামে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের মূর্তি। গতকাল শুক্রবার মূর্তি উন্মোচন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বঙ্গবন্ধুর মূর্তিটি উচ্চতায় পাঁচ ফুট ১১ ইঞ্চি এবং চওড়ায় ৪৪ ইঞ্চি। মূর্তিটির আনুমানিক ওজন ২২ কেজি। পশ্চিমবঙ্গের আসানসোলের কারিগর সুশান্ত রায় টানা এক মাসের নিরলস শ্রম দিয়ে এটি স্থাপন করেন। এতে ব্যয় হয়েছে আনুমানিক তিন লাখ রুপি। কলকাতার উল্লেখযোগ্য মাদাম ওয়াক্স মিউজিয়ামে বিশিষ্ট মনীষীদের পাশাপাশি এখন থেকে শোভা পাবে বঙ্গবন্ধুর এই মোমের মূর্তি।
বঙ্গবন্ধুর মোমের মূর্তির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বঙ্গবন্ধু নন; তিনি বিশ্ববন্ধু। সেই বিশ্ববন্ধুর মোমের মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষ সারা জীবন তাঁকে স্মরণে রাখবে। আমরা বঙ্গবন্ধুকে আমাদের হৃদয়ে স্থান করে দিলাম। তাঁর মোমের মূর্তি কলকাতার মাদাম ওয়াক্স মিউজিয়ামে রাখতে পেরে আমরা গর্বিত।’ মমতা আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তা ভোলার নয়। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে ভোলা যায় না।
মুখ্যমন্ত্রী বঙ্গবন্ধুর মূর্তি উন্মোচনের পর মিউজিয়ামে যান কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ। তিনি বঙ্গবন্ধুর গলায় মালা পরিয়ে দেন। এ সময় এমন উদ্যোগের জন্য তিনি পশ্চিমবঙ্গের মুৃখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।