সঠিক নির্বাচন দেওয়ার আগে জাতীয় সরকার গঠন করুন : বি. চৌধুরী

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সঠিক নির্বাচন দেওয়ার আগে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিকল্পধারা সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাজী জাফর আহমদের নাগরিক স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি সরকারের উদ্দেশে বলেন, এতদিন আপনারা যে অন্যায় করেছেন তার জন্য মাটিতে নেমে আসুন। জনগণের মাঝখানে নেমে এসে কথা বলুন। কথা বলে আবার সঠিক নির্বাচন দেয়ার আগ পর্যন্ত জাতীয় সরকার গঠন করুন। এটাই দেশরক্ষার একমাত্র পথ।
সাংবাদিক মাহফুজ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, বিশিষ্ট লেখক মীজানুর রহমান শেলী, প্রফেসর মাহবুব উল্লাহ, প্রফেসর তারেক শামসুর রেহমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি টিআইএম ফজলে রাব্বি মিয়া ও কাজী জাফরের ছোটকন্যা কাজী জয়া বক্তব্য রাখেন।