মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ফখরুল বলেন ইসির যোগসাজসে নয়াপল্টনে পুলিশের হামলা

ডেস্ক রিপোর্ট ৯৫ বার পঠিত ৩ মিনিটের পাঠ

নির্বাচন কমিশনের (ইসি) যোগসাজসে সরকার পুলিশকে দিয়ে নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে আগত দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে মিছিলের মধ্যে ঢুকে পুলিশ হামলা করেছে। একইসঙ্গে শিশুদের নিরাপদ সড়কের আন্দোলন বানচালকারী ছাত্রলীগের হেলমেট বাহিনী এসে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে।

ফখরুল বলেন, আমাদের দলের কোনো নেতাকর্মীর হেলমেট পরে আসার কথা নয়। আমাদের নেতাকর্মীরা দুদিন যাবত উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ফরম নিতে এসেছেন। যেটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।

তিনি বলেন, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে আবার আগের মতো আমাদের সারাদেশের কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সুষ্ঠুভাবে নির্বাচনী কাজ শুরু করেছিলাম, সেটা যদি আমরা করতে না পারি এবং নির্বাচনে থাকতে না পারি তাহলে সে জন্যে নির্বাচন কমিশন ও সরকার দায়ী থাকবে।

তিনি অভিযোগ করেন, রাতে যারা বিএনপি অফিস থেকে বেরিয়েছে তাদের পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আনিসুজ্জামান, খুলনা জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ ৭০ জন বিএনপি নেতা।

তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করে বলেন, অন্যথায় নির্বাচনে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবো। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ- সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক আলম সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, ডা. জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।