মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মিসরে বিমান বিধ্বস্তের ঘটনা সন্ত্রাসীদের কারণে হতে পারে : রাশিয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত

mosko
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মস্কো সোমবার এই প্রথমবারের মতো স্বীকার করলো যে, মিসরে গত মাসের রাশিয়ার বিমান বিধ্বস্ত সন্ত্রাসী হামলার কারণে হতে পারে।

দেশটি থেকে হাজার হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার পাশাপাশি ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের ধারণা রাশিয়ার মেট্রোজেট এ-৩২১ বিমানে একটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে মিসরের সরকারি কর্মকর্তারা দৃঢ়তার সাথে জানান, হামলার কারণে এ বিমান বিধ্বস্ত হয়েছে এমন প্রমাণ তারা এখন পর্যন্ত পাননি। জিহাদিদের দাবি তারা হামলা চালিয়ে বিমানটি বিধ্বস্ত করে।

সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয়ে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের স্বীকারোক্তির আগ পর্যন্ত রাশিয়া এ বিমান বিধ্বস্তের ঘটনায় কাউকে দায়ী করা থেকে বিরত ছিল। রাশিয়ার ওই বিমান বিধ্বস্তের ঘটনায় ২২৪ জন আরোহীর সকলে নিহত হয়। রাশিয়ার সরকারি সংবাদপত্র রশিয়স্কয়া গেজেটাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ‘সন্ত্রাসী কার্যকলাপের কারণেই সম্ভবত বিমানটি বিধ্বস্ত হয়েছে।’

বিমানটি কোনো এক হামলায় বিধ্বস্ত হয়েছে এমন যুক্তির পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার মত ক্রমেই জোরালো হচ্ছে। এ ব্যাপারে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড সোমবার বলেন, ‘বিমানে পেতে রাখা বোমার বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হয় এমন সম্ভাবনাই বেশি।’
উল্লেখ্য, বিমানটি মিসরের শার্ম আল শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে সিনাইয়ের আকাশে বিধ্বস্ত হয়।