মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে জনগণ সরাসরি উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে পারবে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯২ বার পঠিত ২ মিনিটের পাঠ

musharrof-parlament
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হলে জনগণ সরাসরি উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে পারবে।

তিনি বলেন, ‘শিগগিরই এ সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করা হবে এবং সংসদের মাধ্যমে পাস হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হবে।’

আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘকাল থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে সর্বস্তরের জনগণের সেবা দিয়ে আসছে। উৎসবমুখর পরিবেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এতদিন নির্দলীয়ভাবে নির্বাচন হলেও বাস্তবে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় ব্যক্তিকে প্রার্থী হিসেবে সমর্থন দিত। এছাড়া বিপুল সংখ্যক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতেন।

তিনি বলেন, দেশে দীর্ঘদিন যাবৎ জনগণ ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি উত্থাপিত হয়ে আসছে। জনগণের এই গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দলীয় প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে প্রার্থীদের দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, তাদের ও রাজনৈতিক দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে এবং জনস্বার্থ রক্ষার ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীর কার্যক্রম নজরদারির আওতায় রাখতে সুবিধা হবে। তাই সরকারের এ সিদ্ধান্তকে দেশের মানুষ স্বাগত জানিয়েছে।

মন্ত্রী বলেন, রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রার্থিতার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই এলাকার ভোটারের নির্বাচনে প্রার্থিতাও নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন সংশোধনের জন্য গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।