মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিতে রাশিয়ার নতুন অস্ত্রের পরিকল্পনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৮ বার পঠিত

rusia-arms
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিতে রাশিয়া নতুন অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করে সফল হামলা চালাতে পারে- এমন ধরনের ক্ষেপণাস্ত্র বানানোর উদ্যোগ নিচ্ছে রুশ কর্তৃপক্ষ।

জিনিউজ অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম উন্নত করছে, যেন যেকোনো ধরনের হামলা তারা মোকাবিলা করতে পারে। এর মাধ্যমে তারা সামরিক মোড়ল হতে চায়। একই সঙ্গে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কৌশল দুর্বল করে দিতে চাইছে।

পুতিন বলেছেন, বিশ্বে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয়ে প্রতিক্রিয়া দেখাবে মস্কো। পুতিন এমন সময় এ কথা বললেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ঠান্ডা লড়াইয়ের পর সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক এতটাই নাজুক যে, যেকোনো ইস্যুতে তারা পরস্পরবিরোধী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।

ইরানের সঙ্গে বিশ্বশক্তির পরমাণু চুক্তির পর ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় নতুন মাত্রা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থার উন্নয়ন করেছে এবং করছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়া যে বসে থাকছে না, পুতিন হুংকার দিয়ে সে কথাই যেন বলে দিলেন।

এদিকে শুধু হামলার কৌশলেই নয়, ভবিষ্যতে আরো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ তৈরির পরিকল্পনার কথাও জানান পুতিন। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক যে শিগগিরই স্বাভাবিক হচ্ছে না- এসব থেকে তা স্পষ্ট।