আমির খানের বাড়ির সামনে বিক্ষোভ, পর্যাপ্ত নিরাপত্তা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খোলার পর দিল্লির অশোক নগর থানায় অভিনেতা আমির খানের বিরুদ্ধে মামলা দায়ের হল। মামলাটি দায়ের করেছেন পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকার এক বাসিন্দা।
গতকাল এক অনুষ্ঠানে আমির বলেছেন, অসহিষ্ণুতা বাড়ছে। সমাজে ভীতির পরিবেশ সঞ্চারিত হয়েছে। এই প্রেক্ষাপটে নিউ অশোক নগর থানার স্টেশন হাউস অফিসারকে উদ্দেশ্য করে দেওয়া ওই মামলায় অভিযোগকারী বলেছেন, এই দেশের একজন নাগরিক হিসাবে আমার মনে হয়, নামী লোকজনের প্রকাশ্যে কিছু বলার আগে ভাল করে ভাবা উচিত। আমিও এই সমাজে বাস করি। কিন্তু নিজের দেশে নিজেকে আতঙ্কিত, নিরাপত্তাহীন বলে মনে করি না। সুতরাং আমির খান বলুন, কোন সমাজের কথা বলছেন তিনি।
মামলা দায়ের হওয়ার পাশাপাশি মুম্বাইয়ের পালি হিলে আমির খানের বাড়ির সামনে আজ হিন্দু সেনার লোকজন বিক্ষোভ দেখায়। বিকেল চারটে নাগাদ আমিরের বাড়ির বাইরে জড়ো হয় সংগঠনের ৭ সদস্য। তাদের দাবি, আমিরকে গতকালের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। কেননা ভারত সহনশীল দেশ। ডিসিপি (ডিটেকশন) ধনঞ্জয় কুলকার্ণি জানিয়েছেন, ৫ জনকে আটক করেছে খার পুলিশ। আমরা অভিনেতার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রের এক পদস্থ পুলিশ আধিকারিক আগেই জানিয়েছিলেন, আমিরের জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গতকালই অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলেন আমির। তিনি বলেন, গত ছয় থেকে ৮ মাসে দেশে একের পর এক যে ঘটনা ঘটছে তা খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতিতে দেশ ছেড়ে যাওয়া উচিত কিনা, তাঁর স্ত্রী তাঁকে সেই প্রশ্ন করেছেন বলে জানান আমির।
সূত্র: এবিপি আনন্দ