পৌর নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ পৌরসভা নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি মনে করে, নির্বাচনের তফসিল আরও কিছুদিন পিছিয়ে দেওয়া দরকার।
দলটি এসব বিষয় নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পাঠাবে। এক বিবৃতিতে এসব কথা বলেন দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তাঁরা সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ রাখারও দাবি জানিয়েছেন।
বিবৃতিতে মেনন ও বাদশা বলেন, দলীয়ভাবে ও দলীয় প্রতীকে প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। ওয়ার্কার্স পার্টি এটিকে দৃঢ়ভাবে সমর্থন করে। এ ক্ষেত্রে দলগুলোকে প্রার্থী বাছাই ও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময়ের প্রয়োজন।
তাঁদের দাবি, নির্বাচন কমিশন নিজেও এ ব্যাপারে সঠিকভাবে প্রস্তুত নয়, সেটা তাদের আচরণে লক্ষণীয়। কমিশন এই নির্বাচন ও আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সামান্যতম মতবিনিময়ও করেনি। কেবল তাই নয়, পৌরসভা নির্বাচন, আচরণবিধি এবং নির্বাচন সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে কমিশনের বক্তব্যের মধ্যে অসংগতি লক্ষ্য করা যাচ্ছে।
দলের শীর্ষ এই দুই নেতা বলেন, ওয়ার্কার্স পার্টি মনে করে, আইনি বাধ্যবাধকতার কথা বলে তাড়াহুড়োর মাধ্যমে এই নির্বাচন করা হলে দলীয়ভাবে নির্বাচন করার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে আরও বিভ্রান্তি তৈরি হবে। ওয়ার্কার্স পার্টি আশা করে, নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করবে।