বিএনপি শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে অংশগ্রহণ করবে: রিপন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
একই সঙ্গে ভোটগ্রহণ ১৫ দিন পেছানোর দাবিও করা হয় দলটির পক্ষ থেকে।
রিপন বলেন, ৫০ লাখ নতুন ভোটারকে ভোটদানের সুযোগ করে দিতে বিএনপি নির্বাচনে যাবে। তবে নতুন বিধিমালা অনুযায়ি, প্রার্থীতা চূড়ান্ত করতে বিএনপি কয়েকদিন সময় লাগবে। এজন্যে নির্বাচন ১৫দিন পিছিয়ে দেয়ার দাবি জানাচ্ছে বিএনপি। দেশ ও জনগণের কথা বিবেচনা করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এসময় দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন নেতিবাচক দিকগুলোর সমালোচনা করে তিনি।
রিপন বলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করে এমনিতেও জনগণের ভোটাধিকার সরকার হরণ করেছে। অপরদিকে জনগণ যখন কিছুটা ভোট দেওয়ার সুযোগ পায়, তখনো সেই ভোটের মর্যাদাকে সরকার ভূলুণ্ঠিত ও পদদলিত করে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিদ্যমান প্রেক্ষাপটকে আমলে নিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা এবং জনগণের ভোটাধিকার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য এই নির্বাচনে শর্তসাপেক্ষে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।