আইএস এর লোকেরা মুসলিম নয়, ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই : মাওলানা বুখারী

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ভারতের দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের ইমাম মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী গতকাল শুক্রবার রাতে কানপুরে এক অনুষ্ঠানে বলেছেন, আইএস এর লোকেরা মুসলিম নয়, ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।
সন্ত্রাসবাদী তৎপরতা বন্ধ করতে আইএস এর নিয়ন্ত্রণ যেখানে রয়েছে সেখানে আক্রমণ করা উচিত। যেসব জায়গায় নিরীহ মানুষজন রয়েছে সেখানে হামলা করা উচিত নয়।
প্যারিসে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে তার মন্তব্য, তালিবানদের কে তৈরি করেছিল? তালিবানদের মাধ্যমে কারা রাশিয়ার বিরুদ্ধে লড়েছিল এবং তাদের টুকরো করেছিল? সেই তালিবান যারা এই সেদিনও আমেরিকার বন্ধু ছিল, আজ তাদেরকেই সন্ত্রাসী হওয়ার অভিযোগ করা হচ্ছে। কিন্তু সন্ত্রাসীদের আমেরিকাই তৈরি করেছে। তিনি তালিবানদের মতো আইএসকেও আমেরিকার ফসল বলে মন্তব্য করেন।
মাওলানা বুখারী বলেন, সন্ত্রাসীদের চেহারা এবং তাদের পোশাক মুসলমানদের মতো। কিন্তু তাদের আমল মুসলমানদের মতো নয়। তারা সারা দুনিয়ায় মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করছে বলেও জানান তিনি।
এদিকে, আইএস দিল্লির আকাশপথে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইএস এর সন্ত্রাসীরা পাইলটবিহীন বিমান বা ড্রোন এবং প্যারামোটরের মাধ্যমে সন্ত্রাসীরা হামলা চালাতে পারে এবং যে কোনো সন্দেহজনক উড়ন্ত বস্তুকে দেখামাত্র গুলি করে উড়িয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর- প্রধানমন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্টের বাসভবন, সিবিআই, সিআইএসএফ এবং বিএসএফ-এর সদর দপ্তরসহ ১৫টি গুরুত্বপূর্ণ স্থান হামলা করতে পারে। এ নিয়ে দিল্লি পুলিশ, সিআইএসএফ, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের এরই মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক উচ্চ পর্যায়ের বৈঠকে ষ্ট্যাণ্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করা নিয়ে আলোচনা হয়েছে।