মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে: এরশাদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

ershad
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

আজ বনানীস্থ কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাফিউল ইসলাম শাফীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসু, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নূরুল ইসলাম নূরু, কেন্দ্রীয় নেতা মহিরুল ইসলাম মিলন, এনাম জয়নাল আবেদীন, এ্যাডভোকেট ফাইকুজ্জামান ফিরোজ, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, এই মুহুর্তে যারা জাতীয় পার্টিতে যোগদান করছেন তারা সঠিক সময় সঠিক কাজ করছেন। তিনি জাতীয় পার্টিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্র পরিচালনায় জাতীয় পার্টির আর কোনো বিকল্প নেই।
জাতীয় পার্টিতে যোগদানকারী মোঃ শাফিউল ইসলাম শাফীকে অভিনন্দন জানিয়ে এরশাদ বলেন, দেশে বিরাজমান মহাসংকট থেকে পরিত্রাণ পেতে হলে রাষ্ট্রক্ষমতায় যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি বলেন, রাষ্ট্রপতি সাত্তার ’৮২সালে এরশাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তিনি ক্ষমতায় এসে দেশের ৬৪টি মহকুমাকে জেলায়, ৪৬০টি থানাকে উপজেলা করেছেন। উপজেলা পদ্ধতির কারণে দেশের অসংখ্য ব্রিজ, রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন , সাবেক দর্শনার ইউপি সদস্য মোঃ খলিলুর রমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাবেদ আলী, মোঃ ইজাজুল হক, মোঃ শহিদার রহমান, মোঃ আব্দুল গফুর, খলিলুর রহমান ঠান্ডু ও শাহ আলম সানা প্রমুখ নেতৃবৃন্দ।