মূল সংবাদে যান
০২ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেস্ক রিপোর্ট ১৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে এবং দেশবিরোধী মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাই আওয়ামী লীগ নেতাকর্মীদের উচিৎ হবে, এর সমুচিত জবাব দেওয়া।’

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার বক্তব্য রচয়িতা এমডি নজরুল ইসলাম এসব কথা জানিয়েছেন।

আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে যে অগ্রগতির ধারা শুরু হয়েছে, তা বিশ্বের দরবারে মেলে ধরার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যারা সফল হবে, তাদেরকে দলের ভেতরে মূল্যায়ন করা হবে।’

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে ৩ জুন ফিনল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বুধবার রাতে হেলসিংকির হোটেল কাম্পে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।