আসাদ ক্ষমতা না ছাড়লে শক্তি প্রয়োগ করতে হবে

সৌদি আরবরে পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের বলেছেন, আলোচনার মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হয় ক্ষমতা থেকে সরে যেতে হবে, নাহলে তাকে জোর করে ক্ষমতাচ্যুত করতে হবে।
আজ বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। ভিয়েনায় আসাদ সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সম্ভাব্য শান্তি আলোচনার লক্ষ্যে সৌদি আরবে আসাদ বিরোধী জোট নিয়ে এ বৈঠকের আয়োজন করে উপসাগরীয় দেশগুলো।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আশা প্রকাশ করেন সিরিয়ার সরকারবিরোধী সব পক্ষ একটি সাধারণ লক্ষ্য নিয়ে বৈঠকে অংশ নিবেন। ভবিষ্যৎ শান্তি আলোচনায় বিরোধী পক্ষগুলো থেকে এতোগুলো দল না থেকে সুনির্দিষ্ট প্রতিনিধি রাখার আহ্বান জানান তিনি।
সিরিয়ায় বিরোধী পক্ষের প্রতিনিধিরা রিয়াদে একমত হয়েছেন, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে একটি প্রতিনিধি পরিষদ গঠন করা হবে। সরকারের সঙ্গে শান্তি আলোচনার নেতৃত্ব দেবে ওই পরিষদ।
তারা জানিয়েছে, ইতিমধ্যে ২৩টি দলের সঙ্গে আলোচনা হয়েছে। সবার ঐকমত্যের ভিত্তিতে একজন নতুন সেক্রেটারি জেনারেল ও একজন মুখপাত্র নির্বাচন করা হবে। একই সঙ্গে সুপ্রিম কমিশনেও সংস্কার আনা হবে।
সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনের মুখপাত্র মনজের আকবির দুবাই থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবে অবস্থানরত প্রতিনিধিদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছেন, নতুন প্রতিনিধি পরিষদে সিরিয়া থেকে নির্বাসিতদের মধ্যে ছয়জন, বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে ছয়জন, দামেস্কভিত্তিক বিরোধীদল থেকে পাঁচজন এবং স্বতন্ত্র আটজনকে অন্তর্ভুক্ত করা হবে। তারাই মূলত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। এ ছাড়াও রাজনীতির বাইরে সুশীল সমাজের ১৫ জনেরর একটি প্রতিনিধি দলকে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য শিগগিরই নিয়োগ করা হবে।
তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।