মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাঠাওচালককে ফ্লাইওভারে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট ৭৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজধানীতে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবা পাঠাওয়ের এক চালককে গলা কেটে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারী। 

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মালিবাগ ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ এ তথ্য জানান।

ওসি বলেন, পাঠাওচালক মো. মিলন (৩৫) ওই সময় যাত্রী নিয়ে যাচ্ছিলেন। তার মোটরসাইকেল ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে আমরা সন্দেহ করছি।

পুলিশ জানায়, ফ্লাইওভারে ওঠার পর মিলনের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রক্তের বেগ থামাতে মিলন নিজেই গলার কাটা অংশ হাত দিয়ে চেপে ধরে দৌড়ে নিচে নেমে আসেন। ততক্ষণে মিলনের কথা বলা বন্ধ হয়ে যায়।

দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। অস্ত্রোপচারের পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানেই সোমবার ভোরে মিলন মারা যান।

হাসপাতালে মিলনের বন্ধু সিরাজ গণমাধ্যমকে জানান, মিলনের এক ছেলে ও মেয়ে আছে। রোববার রাত ১২টার পর মিলনের সঙ্গে তার কথা হয়। সদরঘাট যাওয়ার কথা ছিল তাদের। এরই মধ্যে মিলন আহত হওয়ার খবর আসে। রাজধানীর মিরপুর এক নম্বরে গুদারাঘাট এলাকায় থাকতেন মিলন।

এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।